খেলাফত মজলিসের সংক্ষিপ্ত ইতিহাস

বিসমিল্লাহির রাহমানির রাহীম।

আশির দশকের শেষে বাংলাদেশে স্বৈরাচার বিরোধী আন্দোলন যখন তুঙ্গে, আন্তর্জাতিক প্রেক্ষাপটে সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়ন যখন পতনের মুখে, ঠিক এমনি মুহূর্তে ১৯৮৯ ঈসায়ী সালের ৮ ডিসেম্বর ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক জাতীয় সম্মেলনের মাধ্যমে খেলাফত মজলিসের আত্মপ্রকাশ ঘটে। কওমী ও আলিয়া মাদ্রাসার ওলামায়ে কেরাম, আধুনিক শিক্ষিত দ্বীনদার বুদ্ধিজীবি ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের ঐক্যবদ্ধ বৃহৎ ইসলামিক প্লাটফরম হিসেবে এই সংগঠনটির যাত্রা শুরু হয়।

শায়খুল হাদিস মাওলানা আজীজুল হকের নেতৃত্বাধীন খেলাফত আন্দোলন, অধ্যাপক আহমদ আবদুল কাদেরের নেতৃত্বাধীন ইসলামী যুব শিবির, অধ্যক্ষ মাসউদ খানের নেতৃত্বাধীন ভাষানী-ন্যাপ, নেজামে ইসলামী পার্টির একাংশ একীভুত হয়ে বাংলাদেশ খেলাফত মজলিস আত্মপ্রকাশ করে।

খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণ-আন্দোলন গড়ে তুলুন -এ  স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠার পর থেকেই খেলাফত মজলিস দেশ, জনগণ ও ইসলামের স্বার্থে আন্দোলন, সংগ্রাম অব্যাহত রেখেছে। ৯০’র স্বৈরাচার পতন আন্দোলন, ভারতের ঐতিহাসিক বাবরী মসজিদ ধ্বংসের প্রতিবাদ ও বাবরী মসজিদ পুনঃনির্মাণের দাবীতে ঐতিহাসিক বাবরী মসজিদ অভিমুখী লংমার্চ, ৯৪ সালের নাস্তিক-মুরতাদ তাসলিমা নাসরিন বিরোধী আন্দোলন, ২০০০-২০০১ সালে গণ-বিরোধী, ইসলাম বিদ্বেষী শেখ হাসিনা সরকার বিরোধী ৪ দলীয় জোটের আন্দোলন, ১/১১ পরবরতী সেনাবাহিনী ব্যাকড তত্ত্বাধায়ক সরকার বিরোধী আন্দোলন, বর্তমান আওয়ামী সরকারের একদলীয় শাসন প্রতিষ্ঠার অপচেষ্টা ও ইসলাম তথা কুরআন-সুন্নাহ বিরোধী অপতৎপরতার বিরুদ্ধে চলমান আন্দোলনসহ সকল দেশীয় ও আন্তর্জাতিক সংগ্রাম ও আন্দোলনে খেলাফত মজলিস সর্বদা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং এখনও তা অব্যাহত আছে।

প্রতিষ্ঠাকালীন সময়ে এ সংগঠনের আমীরে মজলিস ছিলেন প্রখ্যাত আলেমে দ্বীন ও মুফাসসিরে কুরআন হযরত মাওলানা আব্দুল গাফফার (রাহঃ), মহাসচিব ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ভাষা সৈনিক অধ্যক্ষ মাসউদ খান, যুগ্ম মহাসচিব ছিলেন অধ্যাপক আহমদ আবদুল কাদের । কেন্দ্রীয় অভিভাবক পরিষদের চেয়ারম্যান ছিলেন শায়খুল হাদিস মাওলানা আজীজুল হক। পরবর্তীকালে আমীরে মজলিস নির্বাচিত হন শায়খুল হাদিস আল্লামা আজীজুল হক। মহাসচিব ছিলেন যথাক্রমে জনাব এ আর এম আব্দুল মতিন ও মাওলানা আব্দুর রব ইউসুফী।

২০০৫ সালের ২২ মে রাজধানীর পল্টন মোড়স্থ হোটেল রূপসী বাংলায় সংগঠনের তৎকালীন কেন্দ্রীয় মজলিসে শুরার সংখ্যাগরিষ্ঠ সদস্যের উপস্থিততে অনুষ্ঠিত অধিবেশনে সর্বসম্মতিক্রমে তৎকালীন নায়েব আমীর প্রখ্যাত আলেমে দ্বীন, প্রাজ্ঞ রাজনীতিবিদ অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক আমীরে মজলিস ও  তৎকালীন নায়েবে আমীর বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক অধ্যাপক ড. আহমদ আবদুল কাদের মহাসচিব নির্বাচিত হন।

২০০৫ সাল থেকে ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক আমীরে মজলিসের দায়িত্ব আঞ্জাম দেন। তারপর আমীরে মজলিস নির্বাচিত হন সিনিয়র নায়েবে আমীর ও বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড-বেফাক মহাপরিচালক শায়খুল হাদীস মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী। তিনি ২০২৩ সালের ১৫ রমজান (৭ এপ্রিল) শুক্রবার ইফতারের আগ মুহূর্তে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। সেদিন তিনি নারায়ণগঞ্জ মহানগরী খেলাফত মজলিস আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে জীবনের শেষ বক্তব্য প্রদান করেন।

শায়খুল হাদীস মাওলানা যোবায়ের আহমদ চৌধুরীর ইন্তেকালের পর সংগঠনের গঠনতান্ত্রিক বিধান অনুযায়ী তাৎক্ষণিক কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে ভারপ্রাপ্ত আমীরে মজলিসের দায়িত্ব প্রদান করা হয় সিনিয়র নায়েবে আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদকে। পরবর্তিতে ০২ সেপ্টেম্বর ২০২৩ উপনির্বাচনে মাওলানা আব্দুল বাছিত আজাদ আমীরে মজলিস হিসেবে শপথ গ্রহণ করেন। এরপর থেকে বর্তমান পর্যন্ত তিনি নির্বাচিত আমীরে মজলিস হিসেবে দায়িত্ব পালন করছেন। নির্বাচিত মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন ড. আহমদ আবদুল কাদের।

বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ৯ম জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে রাজনৈতিক দলের নিবন্ধন বাধ্যতামূলক করলে ২০০৮ সালে এ সংগঠন খেলাফত মজলিস নামে নিবন্ধন লাভ করে। খেলাফত মজলিসের নিবন্ধন নং- ৩৮, দলীয় নির্বাচনী প্রতীক দেওয়াল ঘড়ি

প্রতিষ্ঠার পর থেকে এ সংগঠনের যে সব মহান ব্যাক্তিত্ত্ব ও আলেমে দ্বীন দুনিয়া থেকে চির বিদায় নিয়ে কবরবাসী হয়েছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন প্রতিষ্ঠাকালীন অভিভাবক পরিষদের চেয়ারম্যান শায়খুল হাদিস মাওলানা আজীজুল হক, আমীরে মজলিস শায়খুল হাদীস মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী, প্রতিষ্ঠাকালীন আমীরে মজলিস হযরত মাওলানা আব্দুল গাফফার, প্রতিষ্ঠাকালীন নায়েবে আমীর খ্যাতিমান সাহিতিক-সাংবাদিক অধ্যাপক মাওলানা আখতার ফারূক, নায়েবে আমীর শায়খুল হাদীস মাওলানা শওকত আলী, নায়েবে আমীর হযরত মাওলানা ওবায়দুল হক (সাবেক এমপি), নায়েবে আমীর খ্যাতিমান মুফাসসিরে কুরআন মাওলানা এমদদাদুল হক আড়াইহাজারী, কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক হাজী রফিকুল ইসলাম, কেন্দ্রীয় শিল্প-বানিজ্য সম্পাদক হাফেজ মোজাম্মেল হক, ঢাকা মহানগরী সিনিয়র নায়েবে আমীর আলহাজ্ব আব্দুল আজিজ, অধ্যাপক মুহিব্বুল্লাহ, সিলেট জেলা সভাপতি মাওলানা আব্দুল গাফফার শায়খে মামরখানী, হযরত মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী সদস্য বাগেরহাটের অধ্যাপক শামসুল আরেফীন, সিলেট জেলা সিনিয়র সহসভাপতি ইঞ্জিনিয়ার রফিকুল হক, ফেনীর মাওলানা মোফাজ্জল হোসেন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ময়মনসিংহের মাওলানা মনসুরুল হক খান, নায়েবে আমীর ও বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন, নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান পেশওয়ারী, যুগ্ম মহাসচিব ও ইসলামী ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব শেখ গোলাম আসগর, নায়েবে আমীর অধ্যাপক মুহাম্মদ আবদুল হালিম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা এ কে এম আইউব আলী, ডা: মো: নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মাস্টার শফিউল আলম, কেন্দ্রীয় উপদেষ্টা আলহাজ্ব সৈয়দ আতাউর রহমান, মাওলানা আবদুল কুদ্দুস, এডভোকেট সগীর আহমদ,  ড. আবদুস শুকুর, মাওলানা সাদিক হোসাইন, এডভোকেট মুহাম্মদ খলীলুর রহমান, কেন্দ্রীয় নির্বাহী সদস্য এডভোকেট হেলাল উদ্দিন প্রমুখ। এসব মরহুম মুরব্বীদের অবদান ও সারা দেশের হাজার হাজার নেতা-কর্মীর অপরিসীম ত্যাগ- কুরবানীর ফসল আজকের খেলাফত মজলিস।

খেলাফত মজলিস বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। দেশে ইসলামী আদর্শের আলোকে ন্যায় ও ইনসাফভিত্তিক জনকল্যাণমূলক, জনপ্রতিনিধিত্বমূলক সরকার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে নিয়মতান্ত্রিকভাবে কাজ করে যাচ্ছে খেলাফত মজলিস। খেলাফত মজলিস  হক্কানী ওলামায়েকেরাম ও দ্বীনদ্বার বুদ্ধিজীবীদের সমন্বয়ে শুরা তথা পরামর্শের ভিত্তিতে পরিচালিত একটি ধারবাহিক আন্দোলন। বর্তমানে দেশের রাজধানী থেকে তৃনমূল পর্যন্ত সুবিস্তৃত একটি জনপ্রিয় সংগঠন খেলাফত মজলিস