☰

নভেম্বর মাসব্যাপী দাওয়াত ও গণসংযোগের কর্মসূচি ঘোষণা করেছে খেলাফত মজলিস

ঢাকা, ২৯ অক্টোবর ২০২৬: খেলাফত মজলিস কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে নভেম্বর ২০২৬ দাওয়াত ও গণসংযোগ উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি বাস্তবায়নের সর্বশেষ প্রস্তুতি পর্যালোচনা করা হয়। এর পূর্বে সার্কুলারের মাধ্যমে শাখাসমূহে প্রয়োজনীয় নির্দেশনা পৌঁছানো হয়।

বৈঠকে বলা হয়, আল্লাহর জমিনে দ্বীন তথা খেলাফত প্রতিষ্ঠার মহান লক্ষ্যে দেশের হক্কানী আলেম-উলামা ও দ্বীনদার বুদ্ধিজীবীদের সমন্বয়ে ১৯৮৯ সালের ৮ ডিসেম্বর গঠিত হয় খেলাফত মজলিস। প্রতিষ্ঠার পর থেকেই গণ মানুষের সংগঠন খেলাফত মজলিস নিয়মতান্ত্রিকভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। দেশ, জাতি ও ইসলামের স্বার্থে নানামুখী বাঁধা প্রতিবন্ধকতা উপেক্ষা করে খেলাফত মজলিস বিভিন্ন আন্দোলন সংগ্রামে ময়দানে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে। আলহামদুলিল্লাহ,দেশের সর্বস্তরের মানুষের কাছে ইতোমধ্যেই খেলাফত মজলিস একটি গ্রহণযোগ্য ও ভারসম্যপূর্ণ সংগঠন হিসেবে ইতিবাচক অবস্থান সৃষ্টি করতে সক্ষম হয়েছে। বাংলাদেশে ইসলামী আদর্শের আলোকে ন্যায় ও ইনসাফভিত্তিক জনকল্যাণমূলক,জনপ্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠার জন্যে ৭ দফা মৌল কর্মসূচি ও ২৫ দফা আর্থ-সামাজিক ও রাজনৈতিক অঙ্গীকার নিয়ে সামনে এগিয়ে চলছে। খেলাফত প্রতিষ্ঠার ধারাবাহিক আন্দোলনের এ অগ্রযাত্রায় সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ একান্ত কাম্য। খেলাফত আলা মিনহাজিন নবুওয়্যাহ প্রতিষ্ঠার আন্দোলনে সকলকে সুস্বাগতম। আল্লাহ তায়ালা আমাদের সকলকে তাঁর বান্দা ও খলিফা হিসেবে স্বীয় দায়িত্ব আঞ্জাম দেয়ার তাওফিক দিন।

নির্বাহী বৈঠকে নেতৃবৃন্দ গভীর উদ্বেগ প্রকাশ করে সরকারের প্রতি দাবি জানিয়ে বলেন, গত কয়েকদিন ধরে খাগড়াছড়ি ও রাঙামাটি অঞ্চলের পর্যটনকেন্দ্র সাজেকে পাহাড়ী সন্ত্রাসী গোষ্ঠীগুলো অবরোধের মাধ্যমে সেখানে মানবিক সংকট প্রকট আকার ধারণ করেছে। প্রশাসন সেখানে শান্তি প্রতিষ্ঠায় ব্যর্থতার পরিচয় দিচ্ছে। আমরা অবিলম্বে পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র সন্ত্রাসীদের নির্মূল ও জননিরাপত্তা প্রতিষ্ঠায় সেখানে সেনা ক্যাম্পগুলো পুনস্থাপনের দাবি জানাই।

গতকাল সন্ধ্যা ৭ টায় পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে সিনিয়র নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইনের সভাপতিত্বে ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত সাপ্তাহিক কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে উপস্থিত ছিলেন নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্ম-মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মো: আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিজানুর রহমান, অধ্যাপক কাজী মিনহাজুল আলম, প্রশিক্ষণ সম্পাদক মো: জহিরুল ইসলাম, প্রচার ও তথ্য সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শায়খুল ইসলাম, খন্দকার শাহাবুদ্দিন আহমদ, মুফতি আবদুল হক আমিনী, মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকার, মাওলানা ফারুক আহমদ ভূঁইয়া, আমীর আলী হাওলাদার।