বিবৃতি:
ঢাকা, ২১ মে ২০২৬: নারী ও শিশু ধর্ষণ এবং হত্যাকাণ্ড সহ বিভিন্ন অপরাধের মাত্রা বাংলাদেশে দিন দিন বৃদ্ধি পাচ্ছে| সম্প্রতি রাজধানীর পল্লবীতে ৭ বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃসংসভাবে হত্যা করা হয়েছে| উক্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে অপরাধীর সর্বোচ্চ শাস্তি কার্যকরের দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী মহিলা মজলিস|
আজ প্রদত্ত এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ ইসলামী মহিলা মজলিসের সভানেত্রী নাসরিন কাদের ও সাধারণ সম্পাদিকা রায়হানা লোপা এ দাবী জানিয়ে বলেন, সম্প্রতি দেশে নারী-শিশু ধর্ষণ ও হত্যাকাণ্ডের মাত্রা বেড়ে গেছে| মাদক, অশ্লীলতা, কিশোর গ্যাং, ছিনতাই প্রভৃতি অপরাধের মাত্রাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে| গত ৯দিনে শিশু ধর্ষণ ও হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে ৫টি| রাজধানীর পল্লবীতে ৭ বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃসংসভাবে হত্যা করা হয়েছে| আমরা সকল হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই| অবিলম্বে রামিসার হত্যাকারী সহ সকল হত্যাকারী ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি জানাই|
ধর্মীয় মূল্যবোধের অবক্ষয়, সুশাসনের অভাব, আইন-শৃঙ্খলা বাহিনীর দুর্বল তৎপরতা ও বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা সহ বিভিন্ন কারণে দেশে অপরাধের মাত্রা দিন দিন বাড়ছে| বাড়ছে নারী ও শিশু নির্যাতনের হারও| অথচ নারী অধিকার প্রতিষ্ঠায় সোচ্চার রয়েছে অসংখ্য সংগঠন| দেশের সংসদ, প্রশাসন ও শিক্ষাঙ্গনে নারীর অংশগ্রহণ বাড়লেও সামগ্রীক ক্ষেত্রে সাধারণ নারী ও শিশুদের নিরাপত্তা আজও অরক্ষিত| গত ৩ মাসে টিকার অভাবে হামে আক্রান্ত হয়ে প্রায় ৪ শত শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে| আরো কয়েক হাজার শিশু এই রোগের উপসর্গ নিয়ে হাসপাতালে মুমূর্ষূ অবস্থায় রয়েছে| সামগ্রীকভাবে নারী-শিশুর নিরাপত্তা ও জীবনমান উন্নয়নে সরকারকে আরো কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে| মহান আল্লাহর সামনে পরকালীন জবাবদিহীতার ভয় মানুষের নৈতিক মূল্যবোধের উন্নতি ঘটায়| আমাদেরকে রাষ্ট্র ও সমাজের সর্বস্তরে ইসলামী মূল্যবোধ চর্চা বাড়াতে হবে|