বিদ্যুতের মূল্য বৃদ্ধিতে জনজীবনে আরো দুর্বিসহ অবস্থার সৃষ্টি করবে – খেলাফত মজলিস

ঢাকা, ৩ জুন ২০২৬: বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আজ আবারো বিদ্যুতের মূল্য বৃদ্ধি করেছে। এই মূল্য বৃদ্ধির তীব্র প্রতিবাদ জানিয়েছে খেলাফত মজলিস।

আজ প্রদত্ত বিবৃতিতে খেলাফত মজলিস আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, বিদ্যুতের পাইকারি ও খুচরা মূল্যহার নতুন করে ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। পাইকারি পর্যায়ে ১৯.৮৫ শতাংশ এবং গ্রাহক পর্যায়ে ১৫ থেকে ১৯.৯৪ শতাংশ বাড়ানো হয়েছে। এছাড়া সঞ্চালন চার্জ ২৩. ৯৬ শতাংশ বাড়ানো হয়েছে।

বিদ্যুতের এই মূল্য বৃদ্ধিতে জনজীবনে আরো দুর্বিসহ অবস্থার সৃষ্টি করবে। দ্রব্যমূল্য আরেক দফা বাড়বে। এই  মূল্য বৃদ্ধির মাধ্যমে বিদ্যুৎ বিভাগের দীর্ঘদিনের দুর্নীতি, অব্যবস্থাপনা, ভুল পরিকল্পনা ও অপচয়ের দায় সাধারণ গ্রাহকদের ওপর চাপানো হচ্ছে। আমরা সরকারের এই মূল্য বৃদ্ধির তীব্র প্রতিবাদ জানাই। অবিলম্বে বিদ্যুৎ সহ জ্বালানী তেলের মূল্য কমানোর দাবি জানাচ্ছি। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য ক্রয়ক্ষমতার মাধ্যে আনার দাবি জানাচ্ছি।