☰

গার্মেন্টস শিল্পে টেকসই সমাধান দিতে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে

ঢাকা,০২ নভেম্বর ২০২৬: বাংলাদেশের তৈরি পোশাক (গার্মেন্টস) শিল্পে শ্রমিকদের বিক্ষোভের ফলে চলমান অস্থিরতা ও সংকটে গভীর উদ্বেগ জানিয়ে টেকসই সমাধান দিতে অবিলম্বে সরকারকে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছে খেলাফত মজলিস।
আজ প্রদত্ত বিবৃতিতে খেলাফত মজলিস আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড.আহমদ আবদুল কাদের বলেন,দেশের বিভিন্ন স্থানে শ্রমিকদের বিক্ষোভ,ভাঙচুর ও মহাসড়ক অবরোধের ফলে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রাখতে বাধ্য হয়েছেন মালিকপক্ষ। একদিকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের অভাব,জ্বালানির উচ্চমূল্য এবং উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় শিল্প মালিকরা হিমশিম খাচ্ছেন। অন্যদিকে বাড়িভাড়া বৃদ্ধি,নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন ঊর্ধ্বগতি,যাতায়াত ও চিকিৎসা খরচের বাড়তি চাপের কারণে শ্রমিকরা মানবেতর জীবনযাপনে অতিষ্ঠ হয়ে উঠেছেন।
এই উদ্বেগজনক পরিস্থিতিতে দ্রুত টেকসই সমাধান নিতে না পারলে এবং অস্থিরতা অব্যাহত থাকলে কারখানা দীর্ঘমেয়াদে বন্ধ রাখার মতো ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হতে পারে। সরকারকে অবিলম্বে মালিক ও শ্রমিক নেতৃবৃন্দকে সাথে নিয়ে ন্যূনতম মজুরি বোর্ডের কার্যক্রম শুরু করতে হবে। পাশাপাশি এই অস্থিরতা তৈরিতে দেশের বাহিরে ও ভিতরে যদি নির্দিষ্ট মহল ও ইন্ধনদাতা কেউ থাকে তাদেরকে চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে।