জুলাই সনদের আলোকে সংবিধান সংস্কারে অবিলম্বে সংসদে পৃথক অধিবেশন আহ্বান করতে হবে – খেলাফত মজলিস

ঢাকা, ০২ জুলাই ২০২৬:
খেলাফত মজলিস মাসিক কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে নেতৃবৃন্দ গভীর উদ্বেগের সাথে বলেন, গণ-অভ্যুত্থানের ২ বছর অতিক্রম হতে চললেও এখনো জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সরকারের আগ্রহ পরিলক্ষিত হচ্ছে না| অবিলম্বে জুলাই সনদের আলোকে সংবিধান সংস্কারের লক্ষ্যে সংসদে পৃথক অধিবেশন আহ্বান করা সনদে সাক্ষরকারী হিসেবে সরকারি দলের নৈতিক দায়িত্ব| অবিলম্বে জুলাই স্মৃতি জাদুঘর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করতে হবে| জুলাই গণহত্যায় জড়িতদের বিচারপ্রক্রিয়া ত্বরান্বিত করতে হবে|

বৈঠকে নেতৃবৃন্দ উদ্বেগ প্রকাশ করে আরো বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সাথে পাল্লা দিয়ে আশঙ্কাজনক হারে বেড়েছে খুন, জখম, অপহরণ, ছিনতাই ও ডাকাতির মতো অপরাধ| অপরাধ বিশ্লেষকদের মতে, প্রায় সব ধরনের অপরাধীই এখন আগের চেয়ে বেশি আক্রমণাত্মক হয়ে উঠেছে| আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রের ব্যবহার বেড়েছে| প্রকাশ্যে হত্যা বা গুরুতর জখম করতেও তারা দ্বিধা করছে না| এমনকি আসামি গ্রেফতারে গিয়ে পুলিশ সদস্যরাও হামলার শিকার হচ্ছেন| ফলে রাজধানীসহ সারা দেশের মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা ও উদ্বেগ বাড়ছে| সমাজে অপরাধপ্রবণতা বৃদ্ধির পেছনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শৈথিল্য বা দুর্বল তৎপরতার বিষয়টি সামনে এসেছে| অপরাধ দমনে পুলিশকে আরো দৃঢ় ও পেশাদার ভূমিকা নিতে সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, তদারকি বৃদ্ধি, জবাবদিহি নিশ্চিত এবং মাঠপর্যায়ে নেতৃত্ব জোরদার করতে হবে|

কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে খেলাফত মজলিস নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর চীন সফরকে সাধুবাদ জানিয়ে বলেন, পররাষ্ট্রনীতিতে ভারসাম্যের চেয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিতের বিষয়টি অগ্রাধিকার পেতে হবে| চীনের সাথে প্রস্তাবিত করিডোর দেশের অর্থনীতিতে সুফল দিবে| তবে এর সাথে রোহিঙ্গা জনগোষ্ঠীর নিজ দেশে নিরাপদ প্রত্যাবর্তনে মিয়ানমার সরকারকে রাজি করাতে চীনের আন্তরিক উদ্যোগ কামনায় বাংলাদেশ সরকারকে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে| অবিলম্বে তিস্তা মহাপরিকল্পনা একনেকে অনুমোদন দিয়ে রংপুর অঞ্চলের অর্থনৈতিক সমৃদ্ধির নতুন পথ উন্মোচন করতে হবে| বর্ষা মৌসুমে বন্যা ও ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব মোকাবেলায় সরকারের এখনই কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানাচ্ছি|

গতকাল সন্ধ্যা ৭টায় পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইনের সভাপতিত্বে ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত মাসিক কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে উপস্থিত ছিলেন নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, অধ্যাপক আবদুল্লাহ ফরিদ, যুগ্ম মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, এবিএম সিরাজুল মামুন, অধ্যাপক আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিজানুর রহমান, অধ্যাপক কাজী মিনহাজুল আলম, বায়তুলমাল সম্পাদক আলহাজ্ব আবু সালেহীন, সমাজকল্যাণ সম্পাদক আমিনুর রহমান ফিরোজ, প্রশিক্ষণ সম্পাদক জহিরুল ইসলাম, প্রচার সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শায়খুল ইসলাম, খন্দকার সাহাবুদ্দিন আহমদ, মুফতি আবদুল হক আমিনী, মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকার, হাজী নুর হোসেন, মাওলানা ফারুক আহমদ ভূঁইয়া, মাওলানা নজরুল ইসলাম মাজহারী, আবুল হোসেন, প্রিন্সিপাল মাওলানা আজিজুল হক, আমীর আলী হাওলাদার প্রমুখ|

বার্তা প্রেরক

(প্রকৌশলী আবদুল হাফিজ খসরু)
কেন্দ্রীয় প্রচার ও তথ্য সম্পাদক
খেলাফত মজলিস