এইচএসসি পরীক্ষা ব্যবস্থাপনায় সরকার দায়িত্বশীলতার পরিচয় দিতে ব্যর্থ হয়েছে – খেলাফত মজলিস

ঢাকা, ১৬ জুলাই ২০২৬:
খেলাফত মজলিস সাপ্তাহিক কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে নেতৃবৃন্দ উদ্বেগের সাথে বলেন, শিক্ষা মন্ত্রণালয় সহ সরকারের সংশ্লিষ্ট দফতর এবারের এইচএসসি পরীক্ষা ব্যবস্থাপনায় দায়িত্বশীলতার পরিচয় দিতে ব্যর্থ হয়েছে| পরীক্ষার রুটিন ও প্রশ্নপত্র তৈরির ধাপগুলোতেও ভুল ও অব্যবস্থাপনা পরিলক্ষিত হয়েছে| শিক্ষামন্ত্রী কর্তৃক শিক্ষার্থীদের প্রতি বিরূপ শব্দচয়ন করা ঠিক হয়নি| দায়িত্বশীল জায়গায় থেকে অতিকথন নয়, নিষ্ঠার সাথে কাজকে প্রাধান্য দিতে হবে| বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে একদিন পরীক্ষা পেছালে সমস্যা হতো না| শিক্ষার্থীদের ক্ষোভ নিরসনে সরকারের আরো সতর্কতার পরিচয় দেয়ার দরকার ছিল| এই ইস্যুকে কেন্দ্র করে আওয়ামী ফ্যাসিবাদী অপশক্তি যাতে ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে হবে| এখন শিক্ষার্থীদেরকে পরীক্ষা ও পড়াশোনায় মনোযোগ দেয়া প্রয়োজন|

বৈঠকে নেতৃবৃন্দ আরো বলেন, গণ-অভ্যুত্থানের ২ বছর অতিক্রম হতে চললেও এখনো জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সরকারের আগ্রহ পরিলক্ষিত হচ্ছে না| সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠন করার মধ্য দিয়ে জুলাই চেতনাকে ভূলুণ্ঠিত করা হলো| কারণ আংশিক সংশোধন নয় সংবিধানের সামগ্রিক সংস্কারের লক্ষ্যে জুলাই সনদের সমর্থনে জনগণ গণভোটে হ্যাঁ জয়যুক্ত করেছিল| আমরা গণভোটের আলোকে সামগ্রিক সংস্কারের লক্ষ্যে একটি পৃথক সংবিধান সংস্কার পরিষদ গঠন করার দাবি জানাচ্ছি| জুলাই সনদে সাক্ষরকারী হিসেবে সরকারি দলেরও এটা নৈতিক দায়িত্ব|

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সাথে পাল্লা দিয়ে আশঙ্কাজনক হারে বেড়েছে খুন, জখম, অপহরণ, ছিনতাই ও ডাকাতির মতো অপরাধ| অপরাধ বিশ্লেষকদের মতে, প্রায় সব ধরনের অপরাধীই এখন আগের চেয়ে বেশি আক্রমণাত্মক হয়ে উঠেছে| আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রের ব্যবহার বেড়েছে| প্রকাশ্যে হত্যা বা গুরুতর জখম করতেও তারা দ্বিধা করছে না| এমনকি আসামি গ্রেফতারে গিয়ে পুলিশ সদস্যরাও হামলার শিকার হচ্ছেন| ফলে রাজধানীসহ সারা দেশের মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা ও উদ্বেগ বাড়ছে| সমাজে অপরাধপ্রবণতা বৃদ্ধির পেছনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শৈথিল্য বা দুর্বল তৎপরতার বিষয়টি সামনে এসেছে| অপরাধ দমনে পুলিশকে আরো দৃঢ় ও পেশাদার ভূমিকা নিতে সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, তদারকি বৃদ্ধি, জবাবদিহি নিশ্চিত এবং মাঠপর্যায়ে নেতৃত্ব জোরদার করতে হবে|

গতকাল সন্ধ্যা ৭টায় পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইনের সভাপতিত্বে ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত মাসিক কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে উপস্থিত ছিলেন নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা সাইয়্যেদ ফেরদাউস বিন ইসহাক, যুগ্ম মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, অধ্যাপক আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিজানুর রহমান, অধ্যাপক কাজী মিনহাজুল আলম, প্রশিক্ষণ সম্পাদক জহিরুল ইসলাম, প্রচার সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, খন্দকার সাহাবুদ্দিন আহমদ, মুফতি আবদুল হক আমিনী, অধ্যাপক মাওলানা আজিজুল হক, হাজী নুর হোসেন, মাওলানা ফারুক আহমদ ভূঁইয়া, আবুল হোসেন, প্রিন্সিপাল মাওলানা আজিজুল হক, আমীর আলী হাওলাদার প্রমুখ|