গণভোটের রায়কে পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে – খেলাফত মজলিস
ঢাকা, ২৫ জুলাই ২০২৬: খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরার ৩য় সাধারণ অধিবেশন ২০২৬ এ নেতৃবৃন্দ সরকারের প্রতি ক্ষোভ জানিয়ে বলেন, জুলাই সনদ ও গণভোটের পূর্ণাঙ্গ রায়কে পাশ কাটিয়ে সরকার সংবিধান সংশোধনের বিশেষ কমিটি গঠন করেছে। তারা গণরায়কে উপেক্ষা করে নিজস্ব প্রক্রিয়ায় সংবিধান সংশোধন চায়| অথচ জনগণ বিদ্যমান সংবিধানের এমন সংস্কার চায়, যার দ্বারা স্বৈরাচার ও ফ্যাসিবাদ পুনপ্রতিষ্ঠার সকল পথ রুদ্ধ হয়ে আসবে। জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় পূর্ণাঙ্গ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদ গঠন অত্যন্ত প্রয়োজন। গণভোটের রায়কে পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে।
সরকারকে জনরায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে সংসদে অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদ গঠন ও জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়নের জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে| পাশাপাশি জুলাই ও শাপলা গণহত্যা সহ ফ্যাসিবাদী অপশক্তির বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।
মজলিসে শূরা অধিবেশনে ১২ ফেব্রুয়ারি গণভোটের মাধ্যমে প্রদত্ত গণরায় ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবীতে সেপ্টেম্বর ২০২৬ মাসে বিভাগীয় শহর ও জেলা সদরে গণসমাবেশের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সাথে সাথে স্থানীয় সরকার নির্বাচনে যথাসম্ভব প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
মজলিসে শূরা অধিবেশনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে, ১১ দলীয় ঐক্য ছিলো মূলত: নির্বাচনী সমঝোতা। নির্বাচন শেষ হয়ে যাওয়ায় এ ঐক্যের কার্যকারিতা বস্তুত শেষ হয়ে যায়। তবুও নির্বাচন শেষ হওয়ার পর ১১ দলীয় কিছু কর্মসূচীতে খেলাফত মজলিস অংশ নেয়। এখন থেকে ১১ দলীয় ঐক্যের যাবতীয় কর্মসূচি থেকে খেলাফত মজলিস বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে। ভবিষ্যতে দেশ, জাতি ও ইসলামের জন্য প্রয়োজন হলে বৃহত্তর ঐক্য গড়ে তোলার প্রয়াস-প্রচেষ্টা অব্যাহত থাকবে। সংসদে খেলাফত মজলিসের এমপি মহোদয় বিরোধী দলীয় ভূমিকা পালন অব্যাহত রাখবেন।
আজ কাকরাইলস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে সকাল ৯ টায় অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শূরার ৩য় সাধারণ অধিবেশনে সভাপতিত্ব করেন আমীরে খেলাফত মজলিস মাওলানা আব্দুল বাছিত আজাদ। মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত অধিবেশনে উপস্থিত ছিলেন নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আহমদ আলী কাসেমী, অধ্যাপক আবদুল্লাহ ফরিদ, অধ্যাপক সিরাজুল হক, মাওলানা সাইয়্যেদ ফেরদাউস বিন ইসহাক, মুফতি আবদুল হামিদ, যুগ্ম-মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, এবিএম সিরাজুল মামুন, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মো: আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিজানুর রহমান, মুফতি আবুল হাসান এমপি সহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যান্য সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্যবৃন্দ।
অধিবেশনে প্রস্তাব গ্রহণ, শাখা ও কেন্দ্রীয় ষান্মাসিক রিপোর্ট পেশ এবং সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা সহ বিভিন্ন বিষয় কর্মসূচির অন্তর্ভুক্ত ছিল।

উক্ত অধিবেশনে শোক প্রস্তাব সহ ৪ টি প্রস্তাব গৃহীত হয়। প্রস্তাবসমূহ হচ্ছে:
প্রস্তাব-১: শোক প্রস্তাব
—————-
খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরার ৩য় সাধারণ অধিবেশন ২০২৬ খেলাফত মজলিস কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য মাওলানা শরাফত আলী, সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, বিশিষ্ট কথাসাহিত্যিক কবি আল মুজাহিদী, বৃহত্তর চট্টগ্রাম সহ দেশের ভয়াবহ বন্যাকবলিত অঞ্চলে নিহতদের মাগফিরাত কামনা করছে। আহত ও স্বজনদের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছে এবং মহান আল্লাহর দরবারে ধৈর্য্য কামনা করছে|
প্রস্তাব-২: জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়ন ও গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে সরকারের অনীহা প্রসঙ্গ
——————————————————————
খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরার ৩য় সাধারণ অধিবেশন ২০২৬ গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছে যে, বিএনপি সরকার গণভোট অধ্যাদেশ-২০২৫ ও বিচার বিভাগ সংস্কার অধ্যাদেশ সহ বেশ কয়েকটি জনগুরুত্বপূর্ণ অধ্যাদেশ সংসদের বিগত অধিবেশনে বাতিল করে দিয়েছে। জুলাই সনদ ও গণভোটের পূর্ণাঙ্গ রায়কে পাশ কাটিয়ে চলতি অধিবেশনে সংবিধান সংশোধনের বিশেষ কমিটি গঠন করেছে।
বিএনপি সংখ্যাগরিষ্ঠ মানুষের গণরায়কে উপেক্ষা করে নিজস্ব প্রক্রিয়ায় সংবিধান সংশোধন চায়|অথচ জনগণ বিদ্যমান সংবিধানের এমন সংস্কার চায়, যার দ্বারা স্বৈরাচার ও ফ্যাসিবাদ পুনপ্রতিষ্ঠার সকল পথ রুদ্ধ হয়ে আসবে। জুলাই জাতীয় সনদে এ বিষয়ে এমন কিছু প্রস্তাবনা রয়েছে যাতে সংবিধানের মৌলিক কাঠামোতে ব্যাপক পরিবর্তন আসবে| সেসব প্রস্তাবনা বর্তমান প্রক্রিয়ায় সংশোধনের মাধ্যমে সংযুক্ত করা হলে তা টেকসই হবে না। তাই জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় পূর্ণাঙ্গ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদ গঠন অত্যন্ত প্রয়োজন। এই পরিষদের থাকবে মৌলিক শাসনতান্ত্রিক পরিবর্তনের গাঠনিক ক্ষমতা| সংবিধান সংস্কার পরিষদের সেই ক্ষমতা ইতিমধ্যে গণভোটে ’হ্যাঁ’-এর পক্ষে রায় প্রদানের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠ জনগণ দিয়ে দিয়েছে|
খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরার আজকের অধিবেশন বর্তমান সরকারকে জনরায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে সংসদে অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদ গঠন ও জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়নের জন্য কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানাচ্ছে| পাশাপাশি বিডিআর হত্যাকাণ্ড, শাপলা ও জুলাই গণহত্যা সহ ফ্যাসিবাদী অপশক্তির বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানাচ্ছে।
প্রস্তাব-৩: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন-শৃঙ্খলার অবনতি ও জনদুর্ভোগ প্রসঙ্গ
————————————————
খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরার ৩য় সাধারণ অধিবেশন ২০২৬ উদ্বেগের সাথে লক্ষ্য করছে যে, হত্যাকাণ্ড, মাদক, অশ্লীলতা, কিশোর গ্যাং, ছিনতাই প্রভৃতি অপরাধের মাত্রা বাংলাদেশে দিন দিন বৃদ্ধি পাচ্ছে| দলীয় চাঁদাবাজ, ব্যবসায়িক মজুদদার ও সিন্ডিকেট চক্র এখনো বেশ সক্রিয়|এদের কাছে শুধু জনগণ নয়, প্রশাসন ও ভ্রাম্যমান আদালতও অনেক সময়ে জিম্মী থাকে। নৈতিক মূল্যবোধ ও সামাজিক অবক্ষয়ের কারণে পারিবারিক শৃঙ্খলা আজ বিনষ্ট হচ্ছে।
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য এখনো আকাশচুম্বি |বিদ্যুতের নতুন বর্ধিত মূল্যে জনগণের নাভিশ্বাস উঠেছে। জ্বালানী তেল ও ন্যায্যমূল্যে সিলিন্ডার গ্যাস এখনো অপ্রতুল। ভেজাল খাদ্যের প্রভাবে জনস্বাস্থ্য আজ হুমকির সম্মুখীন। উপজেলা স্বাস্থ্য কম্প্লেক্স ও জেলা সদর হাসপাতালগুলোতে স্বাস্থ্যসেবার মান খুবই নিম্নমানের। এখানে উন্নতমানের চিকিৎসা সরঞ্জামাদি ও বিশেষজ্ঞ ডাক্তারের সংকট। একদিকে অপর্যাপ্ত বাজেট অন্যদিকে দুর্নীতি আর অপচয়ে নিমজ্জিত বাংলাদেশের স্বাস্থ্য খাত|
ডেঙ্গু ও চিকুনগুনিয়া সহ মশাবাহীত রোগের প্রাদুর্ভাব বাড়ার মৌসুম চলছে, কিন্তু মশক নিধনে স্থানীয় সরকার প্রশাসন ও আক্রান্তদের সেবার জন্য সরকারি হাসপাতালগুলোর প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে না। বরং স্বাস্থ্যমন্ত্রী মশা থেকে বাঁচতে জনগণকে লম্বা জামাকাপড় পরিধানের অদায়িত্বশীলসুলভ মন্তব্য করেছেন।
খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরার ৩য় সাধারণ অধিবেশন ২০২৬ অবিলম্বে কঠোর মাদক নিয়ন্ত্রণ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, শিক্ষার সর্বস্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক, স্বাস্থ্য ও জননিরাপত্তা নিশ্চিত সহ দ্রব্যমূল্য ক্রয়ক্ষমতার মধ্যে আনতে সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছে|
প্রস্তাব-৪: মধ্যপ্রাচ্যে সংঘাত, ভারতীয় আধিপত্যবাদ ও মুসলিম নির্যাতন প্রসঙ্গ
—————————————————-
খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরার ৩য় সাধারণ অধিবেশন ২০২৬ তীব্র ক্ষোভ প্রকাশ করছে যে, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইল মধ্যপ্রাচ্যের মুসলিম দেশসমূহে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে রেখেছে। ইরান ও লেবাননে ক্ষণে ক্ষণে হামলা চালাচ্ছে। দখলদারিত্ব কায়েম করে উদ্বাস্তু গাজাবাসীর জীবনকে বিভীষিকাময় করে তুলেছে। কিন্তু জাতিসংঘ, ওআইসি সহ আন্তর্জাতিক বিশ্ব এর বিরুদ্ধে কার্যকর কোন পদক্ষেপ গ্রহণ করছে না।
ভারতের অপ্রেতিবেশীসুলভ ও আধিপত্যবাদী আচরণ বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য এক বড় হুমকী। সম্প্রতি সীমান্তবর্তী রাজ্যগুলোতে উগ্রবাদীগোষ্ঠী ক্ষমতাসীন হওয়ার পর থেকে বাংলাদেশের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। সীমান্তে বাংলাদেশী নাগরিকদেরকে প্রতিনিয়ত নিপীড়ন, গুলি করে হত্যা, মাদক ও অবৈধ নাগরিক অনুপ্রবেশ ঘটাচ্ছে ভারত। নিজ দেশের সংখ্যালঘু মুসলিম নাগরিকদেরকে হত্যা, নির্যাতন, মসজিদ, মাদ্রাসা ও বাড়ীঘর গুড়িয়ে দিয়ে চরমভাবে মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে। সম্প্রতি দিল্লী সহ ভারতজুড়ে সাধারণ ছাত্র-জনতার স্বতস্ফুর্ত আন্দোলনে ব্যাপক হামলা ও ধরপাকড় চালিয়ে নাগরিক অধিকার লুণ্ঠন করছে ক্ষমতাসীন বিজেপি সরকার। আমরা এসব নিপীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরার ৩য় সাধারণ অধিবেশন ২০২৬ বাংলাদেশের বিরুদ্ধে ভারতের অপ্রতিবেশীসুলভ ও আধিপত্যবাদী আচরণ বন্ধ, দিল্লী সহ ভারতজুড়ে চলমান শান্তিপূর্ণ আন্দোলনে সাধারণ ছাত্র-জনতার উপর নিপীড়ন ও ধরপাকড় বন্ধ, মুসলিম জনগোষ্ঠীর উপর উগ্র হিন্দুত্ববাদীর হামলা এবং মুসলিম ঐতিহ্যবাহী স্থাপনা উচ্ছেদ বন্ধ করে নিজ নাগরিকদের মানবাধিকার সুরক্ষা করতে ভারত সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে।
আজকের অধিবেশন মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলী সকল বর্বরতার বিরুদ্ধে তীব্র ঘৃণা ও ধিক্কার জানাচ্ছে এবং আন্তর্জাতিক আদালতে ইসরাইলের বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করার জোর দাবি জানাচ্ছে| মধ্যপ্রাচ্যে স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর ও শান্তি কামনা করছে| স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি এবং গাজা পুনর্গঠনে এগিয়ে আসতে শান্তিকামী আন্তর্জাতিক বিশ্বের প্রতি আহ্বান জানাচ্ছে|
কেন্দ্রীয় মজলিসে শূরার আজকের অধিবেশন বাংলাদেশে উদ্বাস্তু জীবনের অবসান ঘটিয়ে ১৩ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিরাপদে নিজ দেশ মায়ানমারে প্রত্যাবর্তনের লক্ষ্যে বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানাচ্ছে|
বার্তা প্রেরক
প্রকৌশলী আবদুল হাফিজ খসরু
কেন্দ্রীয় প্রচার সম্পাদক
খেলাফত মজলিস