সমাজকে আলোকিত করতে যুব সমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ : ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল
দাওয়াতী ক্যাম্পেইন উপলক্ষে মৌলভীবাজার বড়লেখা উপজেলা শাখা ইসলামী যুব মজলিসের এক যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত সমাবেশে সমাজকে আলোকিত করতে যুব সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে মন্তব্য করে কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠায় যুবকদেরই অগ্রণী ভূমিকা রাখার আহবান জানিয়েছেন খেলাফত মজলিস যুগ্ম মহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল। শুক্রবার (৩১ জুলাই) বিকেলে ইসলামী যুব মজলিস বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল আরো বলেন, বর্তমানে দেশের প্রায় অর্ধেক জনগোষ্ঠীই তরুণ ও যুবক। তারাই উন্নত বাংলাদেশ বিনির্মাণের প্রকৃত কারিগর। এই যুব সমাজ বিভিন্ন ঘটনায় পরিবর্তনের গুরুত্বপূর্ণ শক্তি হিসাবে কাজ করেছে। দেশের রাজনীতি, অর্থনীতি ও সমাজকে আলোকিত করতে এই যুব সমাজের ভূমিকা অবিস্মরণীয়।
সামগ্রিক প্রেক্ষাপটে যুব সমাজের অংশগ্রহণ কখনো কখনো আমাদের উদ্বিগ্ন করে, কারণ আমরা সমাজের কল্যাণকর কাজের পাশাপাশি আমরা দেখতে পাই যুবসমাজ নানা ধরনের ঘৃণ্য অপকর্মের সাথে যুক্ত হয়ে যাচ্ছে। শুধু তাই নয় যুবসমাজ নেশায় আসক্ত হয়ে পরিবার সমাজ এবং রাষ্ট্রের জন্য বোঝা হয়ে তৈরি হচ্ছে। এটি আমাদের জন্য কখনোই কাম্য নয়, কাম্য ছিলও না।
ইসলামী যুব মজলিস বড়লেখা উপজেলা সভাপতি মাওলানা আবুল হাসান হাদীর সভাপতিত্বে ও সেক্রেটারি এনামুল হকের সঞ্চালনায় যুব সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন, ইসলামী যুব মজলিস কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শাহিন, মৌলভীবাজার জেলা সভাপতি প্রিন্সিপাল মোঃ এহসানুল হক, খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল খালিক, সহ-সহসাধারণ সম্পাদক এম এম আতিকুর রহমান, বড়লেখা উপজেলা সভাপতি মাওলানা কাজী এনামুল হক প্রমুখ।