রাজধানীর মিটফোর্ডে বিভৎস খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

জনগণ দখলবাজ ও চাঁদাবাজদের নিপীড়ন মুখ বুঝে আর সহ্য করবে না – ড. আহমদ আবদুল কাদের
ঢাকা, ১২ জুলাই ২০২৫: খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, গত বুধবার রাজধানীর মিটফোর্ডে যে লোমহর্ষক ও বিভৎস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তা জাহেলী যুগের বর্বরতাকে হার মানিয়েছে। একজন জীবন্ত মানুষকে প্রকাশ্য দিবালোকে তিলে তিলে প্রস্তারাঘাতে হত্যা করা হচ্ছে, আর লোকজন দাঁড়িয়ে তা দেখছে। সন্ত্রাসীদের হাতে কোন মারণাস্ত্র না থাকলেও উক্ত নির্মম ঘটনায় কেউ বাধা দিতে এগিয়ে আসেনি। আমরা এর তীব্র নিন্দা জানাই। ঘাতক যতই প্রভাবশালী হোক দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। হত্যাকাণ্ড পরবর্তিতে আইন শৃঙ্খলা বাহিনীর নির্লিপ্ত ভূমিকা হতাশাজনক। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি ভাইরাল হওয়ার দু’দিন পর প্রশাসনের টনক নড়ে। ইতিমধ্যে মূল অপরাধীদের বাদ দিয়ে মামলার অভিযোগ এসেছে। যৌথ বাহিনীর টহল চললেও এখন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির দিকে। এভাবে একটি দেশ চলতে পারে না।
ঘাতক ও নিহত ব্যক্তি উভয়েই স্থানীয় যুবদলের রাজনীতির সাথে জড়িত থাকার বিষয় উঠে এসেছে। এভাবে গত প্রায় এক বছর নিজেদের অন্তর্দ্বন্দ্বে বিএনপি সহ তাদের অঙ্গ সংগঠনের শতাধিক নেতা-কর্মী প্রাণ হারিয়েছে। আহত ও জখম হয়েছে অসংখ্য সাধারণ মানুষ। ৫ আগস্ট ২০২৪ পরবর্তি নতুন বাংলাদেশে তা কখনো মেনে নেওয়া যায় না। হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজী ও দখলবাজী রাজনীতির কারণে আওয়ামীলীগকে নিষিদ্ধ হতে হয়েছে, ফ্যাসিস্ট হাসিনাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। তাই দখলবাজ ও চাঁদাবাজদেরকে সাবধান হয়ে যেতে হবে। জনগণ আগের মত নিপীড়ন মুখ বুঝে আর সহ্য করবে না। দেশপ্রেমিক ইসলামী শক্তি ঐক্যবদ্ধ আছে। আমরা সকলের মধ্যে সুস্থ রাজনীতির চর্চা দেখতে চাই। আজ রাজধানীর মিটফোর্ডে বিভৎস খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খেলাফত মজলিসের প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
আজ বিকাল সাড়ে ৩টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে রাস্তায় খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিজানুর রহমান, কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক এডভোকেট শায়খুল ইসলাম, ঢাকা মহানগরী উত্তর সভাপতি মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকার, কেন্দ্রীয় নির্বাহী সদস্য আলহাজ্ব আমির আলী হাওলাদার, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস কেন্দ্রীয় সভাপতি রায়হান আলী, শ্রমিক মজলিস সাধারণ সম্পাদক এইচ এম এরশাদ, খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ সহ-সভাপতি মাওলানা নুরুল হক, মাওলানা ফারুক আহমদ ভূঁইয়া, সহ-সাধারণ সম্পাদক কাজী আরিফুর রহমান, মুন্সি মোস্তাফিজুর রহমান ইরান, মাওলানা সরদার নেয়ামত উল্লাহ, মুহাম্মদ সেলিম হোসাইন,  শ্রমিক মজলিস ঢাকা মহানগরী উত্তর সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মিতিউর রহমান, সাধারণ সম্পাদক মুহাম্মদ সিরাজুল ইসলাম প্রমুখ।