অবিলম্বে শিশু রামিসার হত্যাকারী সহ সকল অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে: খেলাফত মজলিস

ঢাকা, ২১ মে ২০২৬: খেলাফত মজলিস কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে নেতৃবৃন্দ গভীর উদ্বেগের সাথে বলেন, হত্যাকাণ্ড, মাদক, অশ্লীলতা, কিশোর গ্যাং, ছিনতাই প্রভৃতি অপরাধের মাত্রা বাংলাদেশে দিন দিন বৃদ্ধি পাচ্ছে| গত ৯দিনে শিশু ধর্ষণ ও হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে ৫টি| রাজধানীর পল্লবীতে ৭ বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃসংসভাবে হত্যা করা হয়েছে| আমরা সকল হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই| অবিলম্বে রামিসার হত্যাকারী সহ সকল অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানাই| কুরবানি ঈদকে কেন্দ্র করে হাট-বাজার ও সড়কে শৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে হবে| বর্তমান আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় দুর্বলতা ও বিচার প্রক্রিয়া দীর্ঘসূত্রিতার কারণে দেশে অপরাধের মাত্রা দিন দিন বাড়ছে| রাষ্ট্রের সর্বস্তরে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় সকলকে আরো মনোযোগ দিতে হবে| সুশাসন নিশ্চিত এবং শরীয়া আইন প্রতিষ্ঠায় কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে|

বৈঠকে উদ্বেগ প্রকাশ করে নেতৃবৃন্দ আরো বলেন, সীমান্তে বাংলাদেশ নাগরিকদেরকে গুলি করে হত্যা, বাংলাদেশের ভূমি ব্যবহারে স্থানীয় জনগণকে বাধা, মানব, মাদক ও পণ্য চোরাচালানে সহযোগীতা সহ বিভিন্ন অপকর্মে লিপ্ত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ| বারবার আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘনকারী ভারতীয় এই সংস্থার বিরুদ্ধে বাংলাদেশ পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সকল সরকারি সংস্থাকে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানাচ্ছি| আসন্ন কুরবানি ঈদকে কেন্দ্র করে দেশীয় গরু খামারী ও ব্যক্তি উদ্যোক্তাদের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিতে ভারতীয় গরু আমদানী কিংবা চোরাচালান কঠোরভাবে দমন করতে হবে| আমরা সীমান্তে বিজিবির টহল জোরদার ও নিশ্ছিদ্র নিরাপত্তার দাবি জানাচ্ছি|

সরকারের প্রতি দাবি জানিয়ে কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে আরো বলা হয়, জুলাই গণহত্যা সহ সকল হত্যাকাণ্ডে জড়িতদের তদন্ত ও বিচার কার্যক্রম ত্বরান্বিত করতে ট্রাইব্যুনাল ও আদালতে জনবল বৃদ্ধি করতে হবে| শেখ হাসিনা সহ পলাতক দণ্ডপ্রাপ্তদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরের উদ্যোগ ত্বরান্বিত করতে হবে| নিষিদ্ধ সংগঠনের দেশবিরোধী অপতৎপরতা কঠোরভাবে দমন করতে হবে|

গতকাল সন্ধ্যা ৭টায় পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমীর সভাপতিত্বে ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, অধ্যাপক আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিজানুর রহমান, অধ্যাপক কাজী মিনহাজুল আলম, বায়তুলমাল সম্পাদক আলহাজ্ব আবু সালেহীন, প্রশিক্ষণ সম্পাদক জহিরুল ইসলাম, প্রচার সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শায়খুল ইসলাম, যুব বিষয়ক সম্পাদক তাওহীদুল ইসলাম তুহিন, খন্দকার শাহাবুদ্দিন আহমদ, মুফতি আবদুল হক আমিনী, জিল্লুর রহমান, মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকার, আবুল হোসেন, প্রিন্সিপাল মাওলানা আজিজুল হক, আমির আলী হাওলাদার প্রমুখ|