☰

বরিশালে মাওলানা রশীদ আহমদ ফেরদৌসের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

খেলাফত মজলিস বরিশাল জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে সংগঠনের নায়েবে আমীর মাওলানা রশীদ আহমদ ফেরদৌস বিন ইসহাক (রহ.)-এর কর্মময় জীবন ও অবদান শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল আজ আজ ২৫ সেপ্টেম্বর, শুক্রবার সকালে বরিশালের ঐতিহাসিক টাউন হলে অনুষ্ঠিত হয়।
মাওলানা আবদুল কাদের হোসনাবাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম-মহাসচিব এডভোকেট মুহাম্মদ জাহাঙ্গীর হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান এমপি। এছাড়া অনুষ্ঠানে স্থানীয় উলামায়ে কেরাম ও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুল বাছিত আজাদ বলেন, দেশে ন্যায়ভিত্তিক সমাজ ও খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য উলামায়ে কেরাম ও তৌহিদী জনতাকে ঐক্যবদ্ধ হয়ে অর্থবহ গণ-আন্দোলন গড়ে তুলতে হবে।
তিনি বলেন, হকপন্থী উলামায়ে কেরামের আদর্শ অনুসরণ করলেই কেবল সমাজে শান্তি ও ইনসাফ প্রতিষ্ঠা করা সম্ভব। মরহুম মাওলানা রশীদ আহমদ ফেরদৌস বিন ইসহাক (রহ.) আজীবন দ্বীনের প্রচার ও প্রসারে যে ত্যাগের নজির রেখে গেছেন তা দেশবাসীর জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
আলোচনা সভা শেষে মরহুমের রূহের মাগফিরাত এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।